ফেনীতে ফুলেল শুভেচ্ছায় কয়েদিদের বরণ

ফেনীর পুরনো কারাগার-২ হিসেবে কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার শহরের মাস্টার পাড়ায় চালু হয়েছে দ্বিতীয় কারাগারের কার্যক্রম। চট্টগ্রাম বিভাগের আট জেলা কারাগার থেকে বিশেষ বন্দিদের ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হয়। এর মধ্যে ফেনী কারাগার-১ থেকে স্থানান্তর করা হয় ২১ জনকে। বন্দি স্থানান্তর প্রক্রিয়া তদারকি করছেন ফেনী জেলা কারাগার-২ এর সুপার মো. দিদারুল আলম।

মো. দিদারুল আলম বলেন, কারাগারকে অপরাধীদের জন্য সংশোধনাগার হিসেবে বাস্তবে রূপ দিতে চায় রাষ্ট্র। তারই অংশ হিসেবে ফেনী, পিরোজপুর, মাদারীপুর ও কিশোরগঞ্জ এই চারটি পৃথক কারাগার প্রতিষ্ঠার কাজ চলছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে চট্টগ্রাম বিভাগের ১২ জেলার কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দিদের ফেনী কারাগার-২ এ স্থানান্তর করা হবে।

প্রাথমিকভাবে ৮ জেলার কারাগার থেকে ফেনীতে বন্দি স্থানান্তরকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সহযোগিতা করে বলে জানান, জেল সুপার মো. দিদারুল আলম।