রহস্যের জট খুললেন তাসনিয়া ফারিণ

কয়েকদিন আগে কলকাতায় গিয়েছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ সময় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর, বড় পর্দায় অভিষেক, নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা-কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন অভিনেত্রী। তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপচারিতা হয় গণমাধ্যমটির সঙ্গে। এমনকি পুরনো সময়ে সংগীতশিল্পী তাহসানসহ অনেকের সঙ্গে ওঠা প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।  

এসব প্রশ্নের পর সব জল্পনাকে পরিস্কার করে দিতে নিজের স্বামীকে আবার প্রকাশ্যে আনলেন ফারিণ। তিনি বলেন, ‘বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।’ 

 তার কথায়, ‘আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন। বলবেন, অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন? আমার সঠিক সময় কোনটা, সেটা আমি ঠিক করব।আমি তো দেখছি, বিয়ের পর আমার কাজ বেড়েছে।’ 

২০২৩ সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছরের সম্পর্কের পর সেই মাসের ১১ তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।