নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার ও অধিনায়ক কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন। ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান গত বছর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর নেতৃত্ব ছেড়েছিলেন। তাছাড়া তিনি সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের হয়ে সীমিতসংখ্যক ম্যাচ খেলছিলেন।
২০১১ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া উইলিয়ামসন জাতীয় দলের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩ গড়ে ২ হাজার ৫৭৫ রান করেছেন। ১৮টি হাফসেঞ্চুরি করা এই ব্যাটারের সর্বোচ্চ ইনিংস ৯৫। তিনি নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক হিসেবেই বিদায় নিচ্ছেন। এছাড়া আদলকে ৭৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে আছে দুটি বিশ্বকাপ সেমিফাইনাল (২০১৬ ও ২০২২) এবং একটি ফাইনাল (২০২১)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ওয়ানডে আর টেস্ট খেলবেন উইলিয়ামসন। বিদায়ী বার্তায় তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট আমার জীবনের বড় অংশ ছিল। অনেক সুন্দর স্মৃতি ও অভিজ্ঞতা জমা হয়েছে। এখন মনে হচ্ছে দলের জন্যও এবং আমার নিজের জন্যও এটিই সঠিক সময়। সামনে যে সময়টা আসছে, সেটা নতুন প্রজন্মের। আমি বাইরে থেকে তাদের সমর্থন করব।’
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রিকেটে কেইনের অবদান অপরিসীম। একজন ব্যাটার হিসেবে তিনি বিশ্বমানের, আর একজন অধিনায়ক হিসেবে অনুপ্রেরণাদায়ী। তার অধীনে নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে ধারাবাহিক সাফল্য পেয়েছে। তিনি আমাদের পূর্ণ সমর্থন পেয়েছেন। যতদিন খেলবেন, ততদিন তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের গর্ব হয়ে থাকবেন।’
ভারত বিশ্বকাপ জিতলে গান গাইবেন গাভাস্কার, গিটার বাজাবেন জেমিমা
রোনালদোর জোড়া গোলে আল নাসরের টানা সপ্তম জয়
মায়ামির পরাজয়ের ম্যাচে মেসির স্বান্তনাসূচক গোল