প্রিপেইড মিটারের বন্ধের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ

পাবনার ঈশ্বরদীতে প্রিপেইড মিটারের বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। রবিবার (০২ নভেম্বর) সকালে ঈশ্বরদী বাজারের ও পুরো স্টেশন রোড বিশাল মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরদীর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ঈশ্বরদীর প্রায় ২০টি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারও মানুষ অংশ নেয়।

কর্মসূচি থেকে আগামী তিনদিনের মধ্যে ঈশ্বরদী নেসকোর আবাসিক নির্বাহী প্রকৌশলী আব্দুন নূরকে অপসারণ, প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ ঘোষণা এবং ঈশ্বরদীসহ পুরো উত্তোরাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দাতা নেসকোর মিটার রিডার কর্মচারী ঈশ্বরদী পৌরসভার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

ঈশ্বরদীর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক অধ্যাপক আ ফ ম রাজিবুল আলম ইভানের সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, ঈশ্বরদী পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজাসহ প্রমুখ।