ঈশ্বরদীর চরমিরকামারী পশ্চিম পাড়া গ্রামে মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানের নাম ফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বার্থান্বেষী একটি মহল মসজিদ ও কবরস্থানের নাম পরিবর্তনের ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের অভিপ্রায়ে নানা অপ্রচার চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জিকরুল হক। গত শুক্রবার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানায় দায়েরকৃত অভিযোগ ও মসজিদ কমিটির সদস্য আবু সাঈদ ও তরিকুল মাস্টারসহ এলাকাসী সূত্রে জানা যায়, চরমিরকামারী পশ্চিম পাড়া গ্রামে অবস্থিত গাউসুল আযম জামে মসজিদ ও তদসংলগ্ন কবরস্থান প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসীর অনুদানে কোন মত কার্যক্রম চলছিল। স্থাপনকালের টিনের ঘরের মসজিদটিকে আধুনিক বিল্ডিংয়ে রূপান্তর, কবরস্থানের উন্নয়ন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ নেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জিকরুল হক। দ্বায়িত্ব গ্রহণের পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় প্রতিষ্ঠান সমূহের ব্যাপক উন্নয়ন করেন তিনি।
মসজিদ ও কবরস্থানের উন্নয়ন করার পাশাপাশি নিজ অর্থে জমি ক্রয় করে মাদ্রাসা স্থাপনের কাজ শুরু করেন জিকরুল হক। বিগত কমিটির সময় উন্নয়ন কাজের ধীরগতি ও টাকা-পয়সার হিসাবে গড়মিল দেখা দেওয়ায় অন্যতম দাতা জিকরুল হক কমিটির প্রতি অসন্তোষ প্রকাশ করেন। সে সময় তিনি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে অংশ গ্রহণ কমিয়ে দেন এবং সকল খরচের স্বচ্ছ হিসাব দাবি করেন। পরবর্তীতে এলাকাবাসীর অনুরোধে প্রতিষ্ঠান উন্নয়নে মনোনিবেশ করেন জিকরুল হক। যার ধারাবাহিকতায় অল্পদিনেই প্রতিষ্ঠান সমূহে টাইলস করা সহ সকল কাজ দায়িত্ব নিয়ে করে দেন তিনি। বর্তমান কমিটি দায়িত্ব গ্রহনের পর প্রতিষ্ঠান গুলোর অভূতপূর্ব উন্নতি হতে থাকলে ঈর্ষান্বিত হয়ে পড়েন তৎকালীন কমিটির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি। তারা সুযোগ খুঁজতে থাকেন মোক্ষম সময়ের।
প্রায় ৪ মাস আগে জুমার নামাজের পূর্বে কমিটির পক্ষ থেকে মসজিদের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে- এমন বার্তা দিয়ে কমিটির সদস্যসহ মুসল্লিদের নামাজের পর উপস্থিত থাকতে বলা হয়। আলোচনায় তৎকালীন নাম (পীর তাত্ত্বিক নাম) ‘গাউসুল আযম জামে মসজিদ’ নাম পরিবর্তন করে ‘চরমিরকামারী পশ্চিমপাড়া কোবা মসজিদ’ নাম করণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কমিটির সভাপতি আব্দুল হালিম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. জিকরুল হক, কোষাধ্যক্ষ শামসুল ইসলাম, হাবিবুর রহমান বিশ্বাস, রেজাউল বিশ্বাস, ওয়াসেব বিশ্বাসসহ কমিটির সদস্য ও নিয়মিত মুসল্লিদের উপস্থিতি ও সম্মতিতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে গত ২২ অক্টোবর মসজিদ, গোরস্থান ও মাদ্রাসার নাম সম্বলিত ব্যয়বহুল ফটক নির্মাণ করা হয়।
গত ১৩ নভেম্বর জুম্মার নামাজের পর মুসল্লিরা চলে গেলে স্থানীয় বদিউজ্জামান মৌলবির ছেলে মাদকাসক্ত নছের বিশ্বাস ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলাম হাতুরি লোহার হ্যামার দিয়ে নাম ফলকে ভাঙচুর চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে কমিটির সাধারণ সম্পাদক জিকরুল হক বাদী হয়ে নছের বিশ্বাস ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী শরিফুল ইসলামকে অভিযুক্ত করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সরেজমিন অনুসন্ধানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মসজিদের নামে পীর তাত্ত্বিক বিষয় জরিয়ে যাওয়ায় গণ্যমান্য আলেম, কমিটি ও স্থানীয়দের মতামত নিয়েই মসজিদের নাম পরিবর্তন করা হয়। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এলাকাবাসী ও নিয়মিত মুসল্লিরা জানান, নছের বিশ্বাস এলাকায় একজন মাদকাসক্ত হিসেবে পরিচিত উচ্ছৃঙ্খল প্রকৃতির মানুষ। শরিফুল ইসলামের নামেও রয়েছে বিস্তর অভিযোগ। মেয়েদের উত্যাক্ত করাসহ বখাটেপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে টাকা তুলে আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সহযোগী শরিফুলকে সাথে নিয়ে তিনি এসকল অপকর্ম করে থাকেন।
কিছুদিন আগে নছের বিশ্বাস ও শরিফুল নিজেদের কমিটিতে অর্ন্তভুক্ত করার জন্য দাবী জানান। তখন কমিটির পক্ষ থেকে তাদের নিয়মিত নামাজ আদায় ও সংশোধনের জন্য বলা হয়। কমিটিতে আসতে না পারায় ক্ষুব্ধ হন তারা। যার প্রেক্ষিতে এমন ঘটনা ঘটানো ঘটিয়েছে তারা এমনটাই জানান স্থানীয় এলাকাবাসী।
কমিটির সদস্য মো. গোলাম কিবরিয়া বলেন, ‘মসজিদ-মাদ্রাসা, কবরস্থান ধর্মীয় প্রতিষ্ঠান। সেখানে ধর্মীয় অনুভূতির বিষয় জড়িত থাকে। কমিটি সকল শ্রেণীর মানুষের মতামতকে সম্মান জানিয়ে রেজুলেশন করে নাম পরিবর্তনের মত গুরুত্বপূর্ণ সিদ্দান্ত গ্রহণ করা হয়েছে। ভাংচুরের সাথে জড়িত পরিবারটি ছাড়া মুসল্লি বা এলাকাবাসী কারো এ বিষয়ে দ্বিমত নেই। তাদের এটা নিয়ে কোন আপত্তি থাকলে তা নিয়ে আলোচনার সুযোগ ছিলো। সেটা না করে এভাবে ফলক ও গেট ভাংচুর করা উচিত হয় নাই’।
নাম ফলক ভাঙচুরের বিষয়ে জানতে অভিযুক্ত নছের বিশ্বাস এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এ বিষয়ে কমিটির সাধারণ সম্পাদক মো. জিকরুল হক জানান, ৫ আগষ্ট পরবর্তী সময়ে মসজিদের মুসল্লী ও স্থানীয় এলাকাবাসীদের উপস্থিতিতে একটি কমিটি হয়। কমিটি গঠনের পর নছের বিশ্বাস ও শরিফুল ইসলাম এসে তাদের কমিটিতে নাম অন্তভুক্তির দাবী জানান। সে সময় তাদের মসজিদে নিয়মিত যোগাযোগ ও নামাজ পড়ার কথা বলা হলেও তারা সেটি না করে কমিটির বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার করতে থাকে। তাদের উদ্দেশ্যই ছিল কমিটিতে ঢুকে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে টাকা উত্তোলন করে আত্মসাৎ করা। সেটি করতে না পেরে তারা ধর্মীয় প্রতিষ্ঠানে ভাংচুরের মত ন্যাক্কারজনক কাজ করেছে। এবিষয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশাকরি পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এবিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, মসজিদ, মাদ্রাসা ও গোরস্থানের প্রধান ফটক ভাংচুরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে একজন অফিসারকে তদন্তের দ্বায়িত্ব দেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
এলাকাবাসী মনে করেন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বাধাগ্রস্ত করতে যারা এহেন নাশকতা মূলক কর্মকাণ্ড করেন তাদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা নেয়া দরকার।