ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলি, আহত ৫

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সারাদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় দূবৃত্তের হামলায় ৫ কর্মী আহতের ঘটনা ঘটেছে। 

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রথমে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও, পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের অন্যত্র পাঠানো হয়েছে।

​স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাঁড়া ইউনিয়নে একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি চলছিল। 

মিছিলটি শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে দূবৃত্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে দলের পাঁচ কর্মী আহত হয়েছেন বলে জানান তারা।

​হামলায় আহতরা হলেন-পূর্বটেংরী গ্রামের শিপন খাঁর ছেলে সিজান খাঁ (২২), শেরপাড়া গ্রামের রস্তম তারা ওরফে তারা মিয়ার ছেলে রিফাত (২৬), সাহেবপাড়া গ্রামের মজনুর ছেলে মাহিম (২৫), ঈদগাহ এলাকার পিরুর ছেলে রিসাদ (২৬) এবং শেরপাড়া গ্রামের বাবলুর ছেলে রবিউল (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার পর আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে  প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপি নেতারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান।

​এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত