মুন্সীগঞ্জে আ. লীগ নেতার বোনের বাড়িতে ২৩ ককটেল, আটক ১

মুন্সীগঞ্জ শহরের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বোনের বাড়িতে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এসময় আওয়ামী লীগ নেতার ভাগ্নি জামাইকে আটক ও ককটেল তৈরির শতাধিক কৌটা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতের নাম মো. হাসান (৩৫)।

রবিবার বিকালে শহরের বৈখর এলাকার অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সদরের মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর বোন সেলিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে সমুদয় ককটেল ও ককটেল তৈরি কৌটা উদ্ধার করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এরপর ওই বাড়ির বিভিন্ন স্থানে তল্লাসি চালাতে থাকে যৌথ বাহিনী। বিকালে বাড়ির ড্রেনের লাইনের চৌবাচ্চার ভেতর সংরক্ষিত অবস্থায় পৃথক ৩টি বালতিভর্তি সমুদয় তাজা ককটেল উদ্ধার করতে সক্ষম হন।

এছাড়া বসতঘরের ভেতর তল্লাসি করে ককটেল তৈরির জর্দা ও গুড়া দুধের শতাধিক কৌটা পাওয়া যায়। এসময় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারীর ভাগ্নি জামাই হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।