পটুয়াখালীর বাউফলে মাদকের হোম ডেলিভারি দেওয়া সোহাগ হোসেন নামে মাদক সরবরাহ চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (০২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার রাতে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার সোহাগ হোসেন (৩০) বাউফল পৌরসভার বকুলতলা এলাকার বাসিন্দা। তিনি রিকশাচালকের ছদ্মবেশে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক সরবরাহ করতেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, শনিবার রাতে পুলিশ রিকশাচালকের ছদ্মবেশে থাকা মাদক কারবারি সোহাগকে ১২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহের কথা স্বীকার করেছে। এসময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি জানান, সোহাগের দেওয়া তথ্যমতে পৌর শহরের কিছু সরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের ক্রেতা। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।