আ.লীগ নেতার বোনের বাড়ি থেকে ৪০ ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বোনের বাড়িতে অভিযান চালিয়ে ৪০টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় আওয়ামী লীগ নেতার ভাগ্নির স্বামীকে আটক ও ককটেল তৈরির শতাধিক খালি কৌটা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাসান (৩৫)।

গতকাল রবিবার দুপুরে শহরের বৈখর এলাকার অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর বোন সেলিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এসব ককটেল ও ককটেল তৈরির কাজে ব্যবহৃত কৌটা উদ্ধার করা হয়। 

সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এরপর ওই বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালাতে থাকে যৌথবাহিনী। বিকেল ৪টার দিকে বাড়ির পানি নিষ্কাশন লাইনের চৌবাচ্চার ভেতর সংরক্ষিত অবস্থায় তিনটি বালতিভর্তি তাজা ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া বসতঘরের ভেতরে তল্লাশি করে ককটেল তৈরির কাজে ব্যবহৃত জর্দা ও গুঁড়াদুধের শতাধিক খালি কৌটা পাওয়া যায়। এ সময় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারীর ভাগ্নির স্বামী হাসানকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।