লিগ বর্জনকারীদের বিপক্ষে কঠোর অবস্থানে বিসিবি

আজ দুপুরের পর সব সদস্যদের নিয়ে বোর্ড সভা অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্যদের। রাত পর্যন্ত চলে এই সভায় প্রথমবার যোগ দিয়েছিলেন দুই পরিচালক আসিফ আকবর ও রুবাবা দৌলা। এই সভার আগে সকালে বিসিবির সিইওর কাছে একটি চিঠি দেয় ঢাকার ৪৩ ক্লাব। চিঠিতে তারা জানায় বর্তমান বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে অংশ নেবেনা। 

এমন অবস্থায় বিসিবি ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ও প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে নতুন করে কঠোর নিয়ম চালুর কথা জানায় রাতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এখন থেকে কোনো ক্লাব লিগে অংশ না নিলে বা মাঝপথে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগসহ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগ থেকে এই নিয়ম কার্যকর হবে। এ ধারার আওতায় লিগে অংশগ্রহণে ব্যর্থ ক্লাবগুলো অযোগ্য ঘোষিত হবে এবং স্বয়ংক্রিয়ভাবে অবনমনের মুখোমুখি হতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী

কোনো দল যদি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে লিগে অংশ নিতে ব্যর্থ হয়, কিংবা মাঝপথে সরে যায়, তাহলে দলটি সঙ্গে সঙ্গে অযোগ্য ঘোষিত হবে এবং সেই মৌসুমে পুনরায় অংশগ্রহণের অধিকার হারাবে।

দলটি যদি কিছু ম্যাচ খেলে থাকে, তবে তাদের বিপক্ষে খেলা প্রতিটি ম্যাচের পূর্ণ পয়েন্ট প্রতিপক্ষকে দেওয়া হবে—ফলাফল যাই হোক না কেন।

অযোগ্য ঘোষণার পর তাদের বিপক্ষে নির্ধারিত বাকি ম্যাচগুলোতেও প্রতিপক্ষ স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ পয়েন্ট পাবে।

লিগ শুরু হওয়ার আগে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করা দলগুলোর ক্ষেত্রে এ ধারা প্রযোজ্য হবে না।

কোনো মৌসুমে দুই বা ততোধিক দল এভাবে অবনমিত হলে, সে মৌসুমে রেলিগেশন লিগ অনুষ্ঠিত হবে না।

২০২৬–২৭ মৌসুমে কত দল উন্নীত হবে, তা নির্ধারণ করবে সিসিডিএম—২০২৫–২৬ মৌসুমে কত দল অবনমিত হয়েছে তার ওপর ভিত্তি করে।
গত রবিবার ঢাকা ক্রিকেট কমিটি অব মেট্রোপলিশ (সিসিডিএম) প্রথম বিভাগের ২০টি ক্লাবকে দল বদল ও লিগের তারিখ জানিয়ে চিঠি দিয়েছে। আগামী ৫ ও ৬ নভেম্বর দলবদল, লিগ শুরু ১৮ নভেম্বর।