চোর সন্দেহে গণপিটুনি

গাইবান্ধায় নিহত তিনজনের পরিচয় মিলেছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার বেলা ৩টার দিকে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করেছে পুলিশ। নিহতদের স্বজনরা একে হত্যাকা- বলে দাবি করেছেন।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের আলেব্বর আলীর ছেলে কাওছার আলী (৩২)। একই উপজেলার শিয়ালী উত্তরপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে বুলবুল ইসলাম (৩০) ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহাপাড়া গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে শাহিনুর ইসলাম (২৯)।

নিহত কাওছার আলীর মামা মোহাজার আলী বলেন, দীর্ঘদিন থেকে কাওছার ঢাকায় রিকশা চালাতেন। তবে ছয় মাসের মধ্যে তিনি বাড়িতে আসেননি। মোহাজারের দাবি, কাওছার অতীতে চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন না।

বুলবুল ইসলামের (৩০) স্ত্রী খাদিজা বেগম বলেন, তার স্বামী দীর্ঘদিন থেকে বগুড়ার একটি কোল্ড স্টোরেজে শ্রমিকের কাজ করতেন। তার স্বামী এই চুরির ঘটনায় জড়িত নন। তাকে ফাঁসানো হয়েছে।

নিহত শাহিনুর ইসলামের স্ত্রী সুমি বেগম বলেন, প্রায় তিন মাস আগে বিদেশ থেকে বাড়ি ফেরেন শাহিনুর। পাঁচ বছর বিদেশ ছিলেন। বিদেশ থেকে এসে অটোরিকশা চালাতেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই তৌফিজ উদ্দিন একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাঁটাবাড়ি ইউনিয়নের নাছিরাবাদ এলাকায় গত রবিবার ভোর ৪টার দিকে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হন।