১১২ টাকায় সরকারি চাকরি পেলেন ১৪  জন

মাত্র ১১২ টাকায় সরকারি চাকরি পেলেন ১৪ জন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় নিয়োগপ্রাপ্ত ১৪ জনের মধ্যে গতকাল সোমবার দুপুরে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগপ্রাপ্তরা জানান, বিজ্ঞপ্তি দেখে তারা জেলা প্রশাসনে চাকরির আবেদন করেন। মাত্র ১১২ টাকায় জেলা প্রশাসনে চাকরি পাবেন সেটা তাদের কাছে ছিল কল্পনাতীত। জেলা প্রশাসক তাদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন এজন্য তারা আনন্দিত।

জেলা প্রশাসক জানান, গত ২৪ অক্টোবর সাতটি ক্যাটাগরিতে লিখিত পরীক্ষায় ১২৩৩ জন অংশ নেন। ওই দিনই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা শেষে ২ অক্টোবর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরে নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট হচ্ছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমাদের সন্তানরা চাকরি পাবে। যেজন্য আমাদের সন্তানরা-ভাইয়েরা রক্ত দিয়েছে। আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য ছিল শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।