ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকীতে নানা আয়োজন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী আজ (৪ নভেম্বর)। উপমহাদেশের প্রখ্যাত এই  নির্মাতা, অভিনেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ বিকেল ৫টায় একাডেমির চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এ আয়োজনের আনুষ্ঠানিকতা। 

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে ‘শতবর্ষী ঋত্বিক ঘটক’ শীর্ষক এই বছরব্যাপী কর্মসূচিতে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনার, আলোচনা সভা ও গবেষণাধর্মী আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিক ঘটকের জীবন ও কর্মের ওপর আলোচনা হবে, পাশাপাশি প্রদর্শিত হবে তার কালজয়ী চলচ্চিত্র ‘তিতাস একটি নদীর নাম’। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক আকরাম খান, লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি এবং প্রামাণ্যচিত্র নির্মাতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক শাহীন দিল রিয়াজ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন।