বগুড়ায় বাড়ির সামনে থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বগুড়ায় নিজ বাড়ির সামনে থেকে জহুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার সদর উপজেলার নূনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

নিহত জহুরুল ইসলাম জেলার কাহালু উপজেলার মোখলেছুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল ইসলাম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ভোরে তার লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে এলাকায় আগে থেকেই বিভিন্ন আলোচনা ছিল। তবে তারা কেউই প্রকাশ্যে কিছু বলতে চাননি।

বগুড়া সদর সার্কেল মোস্তফা মঞ্জুর বলেন, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে। মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।