শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে কোদালপুর ইউনিয়নের বকাউল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের ওহাব দেওয়ানপাড়া এলাকার কৃষক আলমগীর দপ্তরী (৫২) ও ট্রাক্টরচালক নুরে আলম মোল্লা (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে ওহাব দেওয়ানপাড়া এলাকার একটি পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিতে যান আলমগীর ও নুরে আলম। এ সময় অসাবধানতাবশত তারা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত নুরে আলমের ছেলে নিরব মোল্লা বলেন, ‘আমার বাবা আলমগীর কাকার সঙ্গে রাতে পাশের গ্রাম বকাউল পাড়ায় পুকুরে মাছ ধরতে যান। পরে সকালে আমি ফজর নামাজ পড়ে গিয়ে দেখি পুকুর পাড়ে আমার বাবা ও আলমগীর কাকা বিদ্যুতের তারে ঝুলে আছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দুজনকে মৃত ঘোষণা করেন।’