প্রকাশিত খবর উদ্দেশ্যপ্রণোদিত

এনসিপি বিএনপির কাছে আসন চায়নি, মন্ত্রিসভার ভাগও নয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপি কাছে আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায়- এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে দলটি।

বুধবার (৫ নভেম্বর) দলটির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক প্রতিবাদ বার্তায় একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি বলেছে, জাতীয় নাগরিক পার্টি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট, আসন সমঝোতা বা ক্ষমতা ভাগাভাগির বিষয়ে কোনও আলোচনা বা সিদ্ধান্ত নেয়নি। এমন কোনও প্রস্তাবও দলের নীতি নির্ধারণী পর্ষদে কখনও গৃহীত হয়নি। এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এতে উল্লেখ করা হয়, এনসিপি বিশ্বাস করে দেশের ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের অধিকার, জবাবদিহিতা, সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের রাজনীতি। সে লক্ষ্যেই দলটি সারা দেশে সাংগঠনিক প্রস্তুতি ও প্রার্থী যাচাই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

এতে আরও বলা হয়, প্রতিবেদনে উল্লিখিত তথাকথিত ‘সূত্র’ সম্পূর্ণ অনুমাননির্ভর এবং সাংবাদিকতার মৌলিক নীতির পরিপন্থী। এতে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এনসিপি কোনও দলের কাছে আসন বা মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি তোলেনি। আমরা জনগণের আস্থায় একটি বাংলাদেশপন্থী, দায়িত্বশীল ও স্বতন্ত্র রাজনৈতিক শক্তি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।