সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৮ দশমিক ১৭ শতাংশ। সেপ্টেম্বরে যা ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। তবে বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি। মূলত খাদ্য পণ্যের দাম কমায় অক্টোবরে গড় মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
বুধবার (৫ নভেম্বর) মাসিক ভোক্তা মূল্যসূচকে (সিপিআই) মূল্যস্ফীতির এসব তথ্য তুলে ধরেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সিপিআইয়ের তথ্যে দেখা যায়, গত বছরের অক্টোবর মাসে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে দেশের গড় মূল্যস্ফীতি কমেছে দুই দশমিক ৭ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্যের দাম কিছুটা কমায় মূল্যস্ফীতি নেমে এসেছে। অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ০৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়েছে অক্টোবরে। সেপ্টেম্বরের ৮ দশমিক ৮৯ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে হয়েছে ৯ দশমিক ১৩ শতাংশে। অর্থাৎ, খাদ্যপণ্যে কিছুটা স্বস্তি এলেও খাদ্য-বহির্ভূত পণ্য যেমন : পরিবহন, চিকিৎসা ও সেবা খাতে ব্যয় বাড়ছে।
অক্টোবরে গ্রাম এলাকায় খাদ্য পণ্যের মূল্যস্ফীতি ৬ দশমিক ৯৪ শতাংশ, খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৪১ শতাংশ। একই সময়ে শহরের নাগরিকদের খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৪৫ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে ৮ দশমিক ৫১ শতাংশ।