যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে ঝিনাইদহ শহরের এলজিইডি অফিস চত্বরে একদল যুবক তার ওপর চড়াও হয় এবং কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, অফিস থেকে বের হওয়ার পর জুলাই যোদ্ধারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শামিম হোসেন মোল্লা আ.লীগ সরকারের আমলে টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল ও ত্রাস সৃষ্টি করে আতঙ্কিত জনপদ গড়ে তোলেন।

সূত্র মতে, শামীম মোল্লা শৈলকুপার গাড়াগঞ্জ বাজার এলাকার মহেশপুর এলপিজি গ্যাস পাম্পে বসে ছিলেন। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত দুটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তার পিতা ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্যার কাছে ৫০ লাখ টাকা দাবি করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শামিম হোসেন মোল্লাকে গতকাল বিকেলে মারধর করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। তাকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।