গজারিয়া উপজেলার সঙ্ঘবদ্ধ ডাকাতদলের অপতৎপরতা রোধে বিভিন্ন গ্রামে ব্যক্তিগত উদ্যোগে পাহারা বসিয়েছে গ্রামবাসী, সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী, রাত জেগে পাহারা দেওয়ার জন্য লাইট, বাঁশিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক, মুন্সীগঞ্জ ৩ এর মনোনয়ন প্রত্যাশী মো. কামরুজ্জামান রতন।
জানা যায়, সোমবার (৩ নভেম্বর) উপজেলা ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামে অবসর প্রাপ্ত সেনা সদস্য মো. ফজলুল হকের বাড়িতে জানালার গ্রিল কেটে ভবনের ভিতরে প্রবেশ ও অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৬০/৬৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলা ভবেরচর ইউনিয়ন সাতকাউনিয়া গ্রামে ব্যবসায়ী আলম মামুনদের বাড়িতে বারান্দায় গ্রিল কেটে একই স্টাইলে ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৫০ লাখ টাকার মালামাল ও একই দিনে বড় রায়পাড়ায় স্কুল শিক্ষক ফারুক হোসেন এর বাড়িতে দিনের আলোতে বাথরুমের ভ্যান্টিলেটর ভেঙ্গে ঘরে ঢুকে ৮/১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এর প্রেক্ষিতে ডাকাতি প্রতিরোধে উপজেলা প্রশাসন নিরাপত্তা জোরদারে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে করেছেন বিশেষ আইন শৃঙ্খলা সভা, ব্যক্তিগত উদ্যোগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। তারা দলবদ্ধভাবে রাতভর গ্রামে টহল দিচ্ছেন, আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন সতর্ক অবস্থানে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতি (৬ নভেম্বর) সকাল ১১ঘটিকায় চুরি ডাকাতি প্রতিরোধে আলোচনা সভা ও চার্জ লাইট, বাঁশিসহ পাহারা দেওয়ার উপকরণ বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুব দলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বৃন্দ।