এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষ এ ফরম দুই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি করা হবে। ১৫ তারিখ মনোনয়ন আবেদন প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।

এ সময় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, আজকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেছি। আগ্রহীরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়, অনলাইন এবং দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।