উগান্ডার লিগে ক্রিকেট খেলতেন নিউইয়র্কের মেয়র মামদানি!

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে নিয়ে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। এর মাঝেই জানা গেল, মামদানি নাকি উগান্ডায় স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলতেন। খোদ উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক্স হ্যান্ডল ‘ক্রিকেট উগান্ডা’ এই খবর নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ক্রিকেট উগান্ডা’ একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে সাতজন তরুণ খেলোয়াড়কে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি (বাঁ থেকে দ্বিতীয়) একসময় আমাদের ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে স্থানীয় লিগে ছক্কার পর ছক্কা মেরেছেন।’ক্রিকেট উগান্ডার সেই পোস্ট।

ক্রিকেট উগান্ডার এই পোস্টে হইচই পড়ে যায়। এরপর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য স্পোর্টিং নিউজ’ জানায়, আফ্রিকার দেশটির ঘরোয়া প্রতিযোগিতায় ক্যাসল ডেভেলপমেন্ট ক্রিকেট দলের হয়ে খেলেছেন নিউইয়র্কের এই প্রথম নির্বাচিত মুসলিম মেয়র। তার বাবা মাহমুদ মামদানি এবং মা মীরা নায়ারের পরিচয় হয়েছিল উগান্ডাতেই। মামদানির বয়স যখন ৭ বছর, তখন তারা সপরিবারে নিউইয়র্কে চলে যান।