খুলনায় আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদকে (৫৮) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাজী ফয়েজ মাহমুদ নগরীর খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের নিকট আত্মীয়।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে আমরা কাজী ফয়েজ মাহমুদকে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে বসুন্ধরার ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বিকাল পৌঁনে ৪টার দিকে খুলনায় আনা হয়।
বিকাল সাড়ে ৪টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ফয়েজের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কাজী ফয়েজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়া তিনি শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব খাটাতেন।