অ্যাশেজ শুরুর আগে যথারীতি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গনে বাগযুদ্ধ শুরু হয়ে গেছে। সম্প্রতি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে উদ্দেশ্য করে খোঁচা মেরেছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম। তাদের এই খোঁচাখুঁচি উল্টো অস্ট্রেলিয়ার বিপক্ষে যেতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভেন ফিন। তার মতে, স্টোকসকে উস্কে দিলে তিনি আরও ভালো পারফরম্যান্স করেন।
অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ সম্প্রতি স্টোকসকে ‘কুকি ক্যাপ্টেন কমপ্লেইনার’ (Cocky Captain Complainer) আখ্যা দেয়, যার বাংলা অর্থ দাঁড়ায় অতি আত্মবিশ্বাসী এবং অভিযোগ করতে ভালোবাসেন এমন অধিনায়ক। ফিন বলেন, ‘কিছু খেলোয়াড় থাকে যাদের উস্কে দিলে তারা আরও দৃঢ় ও ভয়ংকর হয়ে ওঠে— স্টোকস ঠিক সেই ধরনের।’
২১ নভেম্বর পার্থে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ২০২৩ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ফিন স্মরণ করিয়ে দেন ২০১০-১১ অ্যাশেজের কথা। তিনি বলেন, ‘অস্ট্রেলীয় গণমাধ্যম আপনার দুর্বল দিক খুঁজতে চাইবে। কিন্তু আপনি যদি বুদ্ধিমত্তার সাথে খেলেন আর আত্মসম্মান বজায় রাখেন, তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে খেলাটা উপভোগ্য হয়ে উঠতে পারে।’
ফিন আরও বলেন, ‘অস্ট্রেলিয়ানরা বিজয়ীকে সম্মান করে। ২০১০-১১ সালে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি, আত্মবিশ্বাস দেখিয়েছি। মেলবোর্ন বক্সিং ডে টেস্টে যখন আমরা তাদের ৯৮ রানে অল-আউট করে দিয়েছিলাম, তখন অস্ট্রেলিয়ান দর্শকরাই তাদের ক্রিকেটারদের বিরুদ্ধে যেতে শুরু করেছিল। স্টোকস ও ম্যাককালাম চাইলে এই মানসিক যুদ্ধে প্রভাব রাখতে পারবে।’