ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুজা মিয়া (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত সুজা মিয়া জামালপুর সদর উপজেলার তেতুলিয়া গ্রামের গেন্ডা মাহমুদের ছেলে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন সুজা মিয়া। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের উপ-পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ১১৫ জন রোগী ভর্তি রয়েছেন, এর মধ্যে পুরুষ ৮৫ জন, নারী ২৪ জন ও শিশু ৬ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।