ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে এক মসজিদে বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাজধানী জাকার্তার একটি স্কুল প্রাঙ্গণের মসজিদে ওই বিস্ফোরণ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। জাকার্তার পুলিশ প্রধান আসেপ এদি সুউহেরি জানান, রাজধানীর উত্তরাংশে কেলাপা গাডিং এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভি এবং মেট্রো টিভিতে প্রচারিত খবরে দেখা যায়, ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে মসজিদের ছবিতে ব্যাপক কোনো ধ্বংসের চিহ্ন দেখা যায়নি। আহতদের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জুমার নামাজের খুতবা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যে মসজিদটির ভেতরে দুদফা বিস্ফোরণ ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সে মসজিদের পাশের স্কুলের শিক্ষার্থী। দেশটির ডেপুটি হাউজ স্পিকার সুফমি দাসকো আহমেদ জানিয়েছেন, সন্দেহভাজন ওই শিক্ষার্থী চিকিৎসাধীন আছে। তার অস্ত্রোপচার চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এ ছাড়া ওই শিক্ষার্থী কেন বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে সেটিও নিশ্চিত নয়।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের প্রধান লিসতো সিগিত প্রাবো সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীর নাম বলেছেন। তিনি জানিয়েছেন, সে পার্শ্ববর্তী স্কুলের ছাত্র। সে মসজিদে বিস্ফোরণ ঘটালে, কেন ঘটিয়েছে সেটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পুলিশের শীর্ষ এ কর্মকর্তা বলেন, আমরা সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করেছি। এখন তার পরিচয়, বাড়ি ও অন্যসহ তার আশপাশের সব বিষয়ে আমরা তদন্ত করছি। ইন্দোনেশিয়ায় এ ধরনের হামলা বিরল ঘটনা। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে এ ঘটনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সেসব ভিডিওতে দেখা গেছে, মসজিদের সামনে অ্যাম্বুলেন্স এবং আহতদের উদ্বিগ্ন স্বজনদের ভিড়।