৪৪ বছর বয়সী ধোনি আবারও খেলবেন আইপিএলে

ভারতের ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আইপিএলের সম্পর্ক এখনই শেষ হচ্ছে না। আগামী ২০২৬ মৌসুমেও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জার্সি গায়ে দেখা যাবে ভারতের সফলতম অধিনায়ককে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাসি বিশ্বনাথন।

৪৪ বছর বয়সী ধোনিকে নিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে বিশ্বনাথন বলেন, ‘হ্যাঁ, এমএস (ধোনি) আগামী মৌসুমে খেলবেন। তিনি আমাদের জানিয়েছেন যে তিনি অ্যাভেইলেবল।’

আইপিএলের গত কয়েক মৌসুম ধরেই ধোনিকে ঘিরে জল্পনা চলছিল। তবে সিএসকের সঙ্গে ধোনির গভীর সম্পর্ক এবং আর্থিক বিষয়াদির কারণেই তাকে আরও এক মৌসুম খেলতে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সাল থেকে দলটির সঙ্গে থাকা ধোনি সিএসকেকে পাঁচবার আইপিএল শিরোপা জিতিয়েছেন।

গত মৌসুমে দলটি টেবিলের তলানিতে থাকলেও ধোনির নেতৃত্বে খেলোয়াড়দের আস্থার ঘাটতি দেখা যায়নি। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা যায়, ধোনি চান আরেকটি দারুণ অর্জনের পর বিদায় নেবেন। আগামী মৌসুমেই সেটা হতে পারে, যদিও কোনো কিছুই নিশ্চিত নয়।

ধোনির উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি সিএসকে আবারও যোগাযোগ করেছে রাজস্থান রয়্যালসের সঙ্গে অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে সম্ভাব্য ট্রেডের বিষয়ে। এ জন্য সিএসকে-র এক শীর্ষস্থানীয় ক্রিকেটারকেও ‘অফার’ টেবিলে রাখা হয়েছে বলে জানা গেছে।

আসন্ন মৌসুমের দল গঠন বিষয়ক পরিকল্পনা নিয়ে আগামী ১০ ও ১১ নভেম্বর ধোনি, অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়, কোচ স্টিফেন ফ্লেমিং এবং সিইও বিশ্বনাথনের মধ্যে বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকের পরই সিএসকে তাদের চূড়ান্ত রিটেনশন তালিকা প্রকাশ করবে। আগামী আইপিএল ধোনির জন্য হতে যাচ্ছে ১৯তম মৌসুম এবং চেন্নাইয়ের হয়ে ১৭তম।