পাকিস্তানের কাছে ৬ ছক্কা খেয়ে ভারতের ওপর শোধ নিলেন কুয়েত অধিনায়ক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে মাত্র একদিন আগে এক ওভারে ৩৮ রান দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন কুয়েতের বাঁহাতি স্পিনার ও অধিনায়ক ইয়াসিন প্যাটেল। তাকে বেদম পিটুনি দিয়ে ওভারে ছয় ছক্কা মেরেছিলেন পাকিস্তানের আব্বাস আফ্রিদি। শেষ বল 'নো' হওয়ায় পরের বৈধ বলটি থেকে আসে ১ রান। সেই বিব্রতকর রাতের ঠিক পরদিনই বদলে গেল দৃশ্যপট! ভারতের ওপর শোধ নিলেন ইয়াসিন।

গতকাল শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ইয়াসিন খেললেন ১৪ বলে অপরাজিত ৫৮ রানের বিধ্বংসী ইনিংস। এরপর বল হাতে নেন ৩ উইকেট। তার এমন নৈপুণ্যে ভারতকে ২৭ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কুয়েত। একই দিনে ‘বোল লিগ’ ম্যাচে আরব আমিরাতের কাছেও হেরেছে ভারত।

হংকংয়ের মং কক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। ৬ ওভারের ম্যাচে কুয়েতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১০৬। তিনে নেমে বিলাল তাহির করেন ৯ বলে ২৫। তবে আসল তাণ্ডব দেখান অধিনায়ক ইয়াসিন। ভারতের অধিনায়ক দীনেশ কার্তিকের করা কুয়েতের ইনিংসের পঞ্চম ওভারে তিনি নেন ২৩ রান। শেষ ওভারে প্রিয়াঙ্ক পঞ্চলের বিরুদ্ধে পাঁচটি ছক্কাসহ ওঠে ৩২ রান।

জবাবে নেমে ভারতের ইনিংস ধস নামে শুরুতেই। প্রথম ওভারেই রবিন উথাপ্পা ও দীনেশ কার্তিককে ফিরিয়ে দেন ইয়াসিন। প্রথম দুই ওভারের মধ্যেই ভারতের স্কোর ২৫/৩। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি দলটি। ৫.৪ ওভারে অলআউট ভারত ৭৯ রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯ বলে ২৬ রান অভিমন্যু মিঠুনের। শাহবাজ নাদিম ৮ বলে ১৯ এবং প্রিয়াঙ্ক ১০ বলে করেন ১৭।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত