ক্ষমতায় গেলে হিন্দুদের সুরক্ষা দেবে বিএনপি: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বার বার নির্যাতিত হয়েছে। নাটোরের অনেক সোনার দোকান লুট ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরিরত সংখ্যালঘু পরিবারের সুন্দরী নারীকে নাটোরের আওয়ামী ক্যাডাররা তাদের আমলে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়ায় সনাতন ধম্বাবলীদের ১৬ প্রহরব্যাপী ধর্মীয় যঞ্জানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুলু বলেন, ১৯৬২ সালের রায়টের সময় তার বাবা নাসির উদ্দিন তালুকদার এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্রয় দিয়ে রক্ষা করেছিলেন। তিনি নিজে ১৯৯৬ সালে এমপি হওয়ার পর থেকে ২০০৬ সাল পর্যন্ত সকল বিপদে-আপদে এলাকার হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন। এখনও আছেন। আগামী দিনে ক্ষমতায় গেলে বিএনপিই এলাকার হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার ব্যবস্থা করবে। দেশে একমাত্র বিএনপিই পারবে এলাকার হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দিতে। তাই আগামী সংসদ নির্বাচনে দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য এবং ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

সনাতন ধর্মাবলম্বী নেতা নিতাই কুমার ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম ও শরিফুল ইসলাম বুলবুল প্রমুখ।