দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, রাজনৈতিক অস্থিরতা না থাকলে অর্থনীতি আরও ভালোভাবে এগিয়ে যাবে। গতকাল শনিবার দুপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে একটি রিসোর্টে এমএফআই-ব্যাংক সংযোগবিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানির দাবিগুলো প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এটি সফল হলে দ্রুত ইতিবাচক ফলাফল আসবে।
এ সময় গভর্নর পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে বলেন, বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানিগুলোর ক্লেইমটা এসটাবলিস্ট করার চেষ্টা করছে। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।
অনুষ্ঠানে এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এনজিওর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।