সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুপুরে পানিতে ডুবে আদনান ও তাকরিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকায় এ ঘটনা ঘটে। মো. তাকরিম (৩) সরাইল উপজেলার কুট্টাপাড়া উত্তর এলাকার আক্তার হোসেনের ছেলে ও একই উপজেলার উচালিয়াপাড়া এলাকার মো. আরাফাত মিয়ার ছেলে মো. আদনান (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

জানা যায়, আদনান তার মামাত ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে অসতর্কবশত দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। দুপুরে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুকে ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।