তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তারা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে রুয়েট থেকে বের হয়ে তালাইমারী মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন। সেখানে সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে কর্মসূচি শেষ হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের ন্যায্য অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকার বারবার আশ্বাস দিয়েও কোনো সমাধান দেয়নি। এর আগে রাজধানীমুখী লং মার্চে পুলিশি বাধার মুখেও তারা আন্দোলন চালিয়ে গেছেন। তখন চাপের মুখে সরকার একটি ওয়ার্কিং কমিটি গঠন করে এক মাসের মধ্যে সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির মুখে নতুন করে ছয় সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটির কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের দাবি, জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে। আগের কমিটির সুপারিশ ৭ নভেম্বরের মধ্যে প্রকাশের সময়সীমা দেওয়া হলেও সরকার তাতে কর্ণপাত করেনি।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রমোশন কোটা থাকবে না। উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে শতভাগ ডিপ্লোমা কোটা পরিহার করে বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পরিচয় ব্যবহার করতে পারবে না।