মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে অভিযান চালিয়ে ৮টি তাজা ককটেলসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হচ্ছে মো. মামুন খান (৪০) ও মো. বাবু মোল্লা (৩৮)। গত শুক্রবার গভীর রাত সাড়ে ৩টার দিকে চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি গ্রাম থেকে ককটেল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন নলবুনিয়াকান্দি গ্রামের ইব্রাহিম খানের ছেলে ও বাবু একই গ্রামের মো. তাজু মোল্লার ছেলে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, ওই রাতে জরুরি সেবা ৯৯৯-এ কল করে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নলবুনিয়াকান্দি গ্রামের সরকার বাড়ি মাদ্রাসার পাশে অভিযান চালায়। এ সময় দুটি প্লাস্টিকের বালতিভর্তি ককটেল উদ্ধার ও দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারদের পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।