অবশেষে কিউবার সামনে খুলে গেল জাতীয় দলের দরজা

অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে কিউবা মিচেলের। যুক্তরাজ্য প্রবাসী তরুণ প্লে-মেকারকে ক্যাম্পে ডেকেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। আজ রবিবার সকালে তাকে ক্যাম্পে ডেকে নেন কোচ। সিনিয়র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন বসুন্ধরা কিংসের এ খেলোয়াড়। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন কিউবা মিচেল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তাঁকে খেলানো নিয়ে জোর আলোচনা ছিল অনেক আগে থেকেই। যুব দলে ডাক পেলেও সিনিয়র দলে সুযোগ মিলছিল না। বসুন্ধরা কিংসের সঙ্গে তিন বছরের চুক্তির পর তার জাতীয় দলে ডাক পাওয়াটা দাবিতে রূপ নিয়েছিল।

 শেষ পর্যন্ত সুযোগটা এসেছে কাবরেরার প্রাথমিক দলের দুই খেলোয়াড়ের চোটের কারণে। মোহাম্মদ ইব্রাহিম ও রহমত মিয়ার চোট জায়গা করে দিয়েছে কিউবাকে। এছাড়া ফর্টিস এফসি'র ফরোয়ার্ড মোর্শেদ আলীকেও ডেকেছেন কোচ। যদিও চূড়ান্ত দলে থাকা হবে কিনা তা সময়ই বলে দেবে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে চলমান ক্যাম্পে কিউবা ও মোর্শেদ নিজেদের প্রমাণ দেওয়ার সুযোগ পেয়েছেন। 

উল্লেখ্য, ৩০ অক্টোবর ১৫ ফুটবলার নিয়ে ক্যাম্প শুরু হয়েছিল। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে বসুন্ধরা কিংসের ডাক পাওয়া ১০ ফুটবলার ৭ নভেম্বর যোগ দেন ক্যাম্পে। ২৭ জনের স্কোয়াডে থাকা হামজা চৌধুরী ও শমিত সোম এখনও যোগ দেননি, দেবেন দুই-একদিনের মধ্যে।