‘রাগে-অভিমানে’ বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হলেও ২৮ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেলের। নতুন কোচ টমাস ডুলি সরাসরি মূল স্কোয়াডে না রেখে ট্রায়ালে অংশ নেওয়ার শর্ত দেওয়ায় ক্ষোভ ও অভিমানে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ও জাতীয় দলসংক্রান্ত সব ছবি ও পোস্ট মুছে ফেলেছেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

জানা গেছে, জাতীয় দলে ফিরতে আগ্রহী কিউবাকে মূল ক্যাম্পে না ডেকে নতুন কোচিং স্টাফের সামনে ট্রায়াল দেওয়ার আহ্বান জানানো হয়। এমনকি ট্রায়ালে অংশ নিতে নিজের খরচে বিমানের টিকিট কেটে ঢাকায় আসতে বলা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বাংলাদেশ-সম্পর্কিত পোস্ট ও ছবিগুলো সরিয়ে নেন তিনি।

বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে কোচ টমাস ডুলি নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, ‘যিনি জাতীয় দলে ফিরতে চান, তাকে নতুন কোচিং স্টাফদের সামনে এসে নিজের পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে। তিনি যদি প্রমাণ করতে পারেন যে বর্তমান স্কোয়াডের অন্যদের চেয়ে ভালো এবং পরবর্তীতে দলে জায়গা পান, তবেই বাফুফে তার ফ্লাইটের খরচ বহন করবে।’ 

শুধু কিউবা নন, গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং অনূর্ধ্ব-২০ দলের অ্যাডাম আব্বাস ও জিদানকেও ২-৩ দিনের অনুশীলনে পরখ করে দেখবেন ডুলি। তাদের পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত হবে।

বাংলাদেশে কিউবাকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। বকেয়া বেতনের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে বসুন্ধরা কিংস ছাড়েন তিনি। তিন বছরের চুক্তি থাকলেও ছয় মাসের মাথায় ইংল্যান্ডে ফিরে বর্তমানে স্ট্র্যাটফোর্ড টাউন এফসিতে খেলছেন সাবেক সান্ডারল্যান্ড একাডেমির এই ফুটবলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত