জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন তার ভাই

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক পেসার জাহানারা আলম। বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানররত জাহানারা দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

জ্যোতির বিরুদ্ধে জুনিয়রদের দিয়ে কাজ করানো, তাদের শারীরিকভাবে মারধর করার মতো গুরুতর অভিযোগ তুলেছেন জাহানারা। জ্যোতিকে নিয়ে ওঠা অভিযোগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তার ভাই সম্রাট সালাউদ্দিন। 

রবিবার নিজের পোস্টে সম্রাট লেখেন, 'সম্প্রতি সময়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা খুবই দুঃখজনক। জাহানারা আলম সাবেক ম্যানেজার মন্জুর বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা খুবই গুরুতর। এই অভিযোগের যদি বিন্দুমাত্র সত্যতাও থাকে তাহলে যেন দোষীদের কঠোর শাস্তি হয়। আমি এই গুরুতর অভিযোগের সুষ্ঠ তদন্ত চাই। ক্রীড়াঙ্গনে নারীর বিচরন যেন নিরাপদ হয় সেই ব্যাবস্থা করতে হবে।'

জ্যোতির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন লেখেন,  'দলের সিন্ডিকেট, গ্রুপিংয়ের বিষয়ে জ্যোতিকে জড়িয়ে যে সকল যে সকল অপপ্রচার চলছে তা খুবই হতাশা জনক। যে বা যাহারা এটা করছেন তারা এটা ব্যক্তিগত আক্রোশ থেকেই করছেন বলে আমি বিশ্বাস করি। সিন্ডিকেট কারা করতো তা সকলেই জানে এবং এই সিন্ডিকেট / গ্রুপিংয়ের মুল হোতা কারা ছিলো এটা সাবেক কোচ হাসান তিলকারত্মের বিদায়ি ইন্টারভিউয়ে পরিস্কার করে বলে দিয়েছেন। কাজে এটা নিয়ে কথা বলার কিছু নাই।'

জ্যোতির ভাই পোস্টে আরও লেখেন, 'জাহানারা, রুমানা আপনারা বাংলাদেশ নারী ক্রিকেটকে আজকের অবস্থানে আনতে অবদান রেখেছেন। আপনারা আপনাদের দল থেকে বাদ পরার জন্য জ্যোতির উপর যে দোষ দিচ্ছেন তা মোটেও ঠিক না। সেটা আপনারাও ভালো করে জানেন।
আর, ব্যাগ টানা, তেল দিয়ে দেওয়া, দু-একজনকে বকাজকা করা এগুলো ড্রেসিং রুমের কমন জিনিস। এগুলো হলো ভালোবাসা, বন্ডিং ; সিন্ডিকেট না। যারা খেলাধুলা করছেন তারা এটা জানেন। আমরা ছেলেরাও খেলার মাঠে সিনিয়র ভাইদের এমন আচরন দেখে আসছি, খুশি মনে সহ্য করছি।

যারা নারী ক্রিকেট নিয়ে খোজখবর রাখেন তারই বলতে পারবেন জ্যোতির হাত ধরে বাংলাদেশের নারী ক্রিকেট বিশ্বদরবারে কতটুকু এগিয়েছে।

জাহানারা আলম, আপনার উপর ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ বিচার চাই। আপনার জন্য দোয়া রইলো যেখানেই থাকেন ভালো থাকবেন।
আশা করি সকল সত্যি উদ্ঘাটন হয়ে জ্যোতি আলো হয়েই থাকবে।'

সম্রাটের এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন জ্যোতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ। তিনি লিখেছেন, 'ভাইয়া, হাসান কোচ (তিলকরত্নে) যাওয়ার আগে আমাক সব বলে গেছে। আমাকে নিয়ে হাসান বোর্ডের কাছে জিতেছিলো। ও, আপনার বোন ঠিক আছে — কিন্তু নিগার সুলতানা জ্যোতিকে আমরাও কম স্নেহ করিনি। হাসানের কাছ থেকে বাকিটুকু শুনে নিন। আরও অনেক কিছু বলেছে। বলবো?'