যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে চারজনকে ওএসডি করল বিসিবি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার সেই ধারাবাহিকতায় অভিযুক্তদের মাঝে চারজনকে ‘ওএসডি’ করা হয়েছে।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন, ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু। তবে প্রধান অভিযুক্ত প্রাক্তন ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম বর্তমানে চীনে অবস্থান করছেন। ইতোমধ্যেই তিনি জাহানারার সমস্ত অভিযোগ মিথ্যা বলেও দাবি করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন জাহানারা। এমনকী বিসিবির কাছে বারবার অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি। বরং তার ওপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন মঞ্জুরুল। একটা সময় জাহানারা জাতীয় দল থেকে সরে যেতে বাধ্য হন।

এমন অভিযোগের পর বিসিবি তদন্তের সিদ্ধান্ত নেয় এবং ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দেয়। এরপর গতকাল শনিবার গঠন করা হয় তদন্ত কমিটি। তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম, আর সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা মতিন ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত