জাহানারার যৌন হয়রানীর অভিযোগ: বিসিবির তদন্তে ভরসা রাখতে চায় সরকার

নারী ক্রিকেটার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখন এ বিষয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি। তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে।”

ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে জানান, নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই—ক্রীড়াক্ষেত্রসহ সব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং তাঁদের যোগ্য সম্মান যেন নিশ্চিত হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভুক্তভোগীর সঙ্গে ইতিমধ্যে তাঁর দপ্তর থেকে যোগাযোগ করা হয়েছে। “যদি তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে চান, সরকার সে ক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করবে,” বলেন আসিফ মাহমুদ।

সরকার কি নিজস্বভাবে কোনো তদন্ত কমিটি গঠন করবে?—এমন প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, “যেহেতু বিষয়টা বিসিবির অভ্যন্তরীণ, প্রাথমিকভাবে বিসিবির তদন্তের ওপর আমরা ভরসা করতে চাই। পরবর্তী সময়ে প্রয়োজন হলে সরকার সিদ্ধান্ত নেবে।”