বিসিবি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আসিফের; জয় শাহের কাছে ‘সাবেক ক্রিকেটারের’ লবিং!

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বিস্ফোরক তথ্য সামনে এনেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, বিসিবি ভাঙার অবৈধ প্রক্রিয়ায় আইসিসি যাতে কোনো ব্যবস্থা না নেয়, সেজন্য একজন স্বনামধন্য ক্রিকেটার জোর লবিং চালাচ্ছেন।

রবিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পৃথক দুটি পোস্টে তিনি বিসিবি এবং বর্তমান ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে দাবি করেন, ওই ক্রিকেটার সম্প্রতি লন্ডনে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে তিনি আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করে দিতে পাপনকে অনুরোধ জানান।

তিনি আরও লেখেন, "অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইন্যান্সিয়াল ব্যান কিংবা অন্য কোনো ব্যবস্থা যেন গ্রহণ না করা হয়, সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং।" এর আগেও ওই ক্রিকেটার বিরাট কোহলির মাধ্যমে জয় শাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলে আসিফ মাহমুদ উল্লেখ করেন। তিনি একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে "পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তি" হিসেবে অভিহিত করেছেন।

তদন্ত কমিটির সাক্ষাৎকার বর্জনের কারণ

বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে কেন সাড়া দেননি, তার ব্যাখ্যা দিয়ে আসিফ মাহমুদ ৪টি সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরেন:

১. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির ওপর মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত তদন্ত।

২. তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগে থেকে সিদ্ধান্ত দিয়ে দেওয়া।

৩. উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে তদন্ত করে আদালত অবমাননা করা।

৪. ক্রীড়া প্রতিমন্ত্রী কর্তৃক বোর্ড ডিরেক্টরদের লোভ বা ভয় দেখিয়ে পদত্যাগ করানো।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "কিভাবে সরকার চালাতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনটা বিচারাধীন বিষয়—এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত কাজে শামিল হতে পারি না।"

সবশেষে তিনি বর্তমান সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, "প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত