দেশের সামগ্রিক অর্থনীতিতে সম্প্রসারণের ধারা অব্যাহত রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে মূল ভূমিকা রেখেছে কৃষির ধারাবাহিক ভালো ফলন। একই সঙ্গে অর্থনীতির অন্যান্য খাতও বছরের শেষ প্রান্তিকে ভালো করলেও শুধু নেতিবাচক ধারা দেখা গেছে রপ্তানি প্রবৃদ্ধিতে। এই অবস্থায় অক্টোবর মাসে দেশের সামগ্রিক পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) স্কোর সেপ্টেম্বরের তুলনায় ২ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ৮-এ পৌঁছেছে, যা অর্থনীতির দ্রুততর সম্প্রসারণের ইঙ্গিত দেয়। অক্টোবরের এই পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স বৃদ্ধির প্রধান কারণ ছিল চারটি মূল খাত কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের দ্রুততর সম্প্রসারণ।
গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথভাবে প্রকাশিত বাংলাদেশ পারচেসিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) অক্টোবর মাসের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এ প্রতিবেদনে বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্যের তাৎক্ষণিক চিত্র তুলে ধরা হয়, যা ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজ বলেন, সর্বশেষ পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। যার মূল প্রণোদনা এসেছে অনুকূল ফসলের অবস্থা ও কৃষি খাতে ভালো ফলনের প্রত্যাশা থেকে। অর্থনীতির অন্যান্য খাতও বছরের শেষ প্রান্তিকে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত বাড়ছে। তবে এ সময়ে মাসিক রপ্তানি প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
টানা দুই মাস ধরে এবং আরও দ্রুতগতিতে সম্প্রসারণ হয়েছে কৃষি খাত। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচের সূচকে দ্রুততর বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। কর্মসংস্থানের সূচকও আবার সম্প্রসারণে ফিরে এসেছে। তবে পরপর ১৪ মাস ধরে সম্প্রসারণ বজায় রেখেছে এবং অক্টোবর মাসে এর হার আরও বেড়েছে।