ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
গতকাল রবিবার বেলা ১১টা থেকে তারা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে টায়ার জ¦ালিয়ে অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা।
শিক্ষার্থীদের মধ্যে আদিত্য মল্লিক যাদু অভিযোগ করেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রি থাকার পরও নতুন নিয়োগ বিধিমালায় তাদের জন্য কোনো পদ রাখা হয়নি। প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অধিদপ্তর পুরনো বিধিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে চাইছে। এতে টেকনিক্যাল পদে তারা নিয়োগ না পেয়ে সাধারণ শিক্ষা সনদধারীরা চাকরিতে সুযোগ পাচ্ছেন, যা খুবই হতাশাজনক।
সকালে নাসিরনগর আইএলএসটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে বিক্ষোভের পর মিছিল নিয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক অবরোধ করে টায়ার জ¦ালিয়ে অবস্থান নেন। এ সময় তারা অবিলম্বে নিয়োগবিধি সংশোধনের দাবিতে সেøাগান দেন। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে সব আইএলএসটি প্রতিষ্ঠান ও অধিদপ্তরের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।