সাইকেলে দেশ ভ্রমণে বের হয়ে তরুণ বাগেরহাটে

‘দূষণমুক্ত পরিবেশ, বাইসাইকেলে দেখব দেশ’ এই সেøাগানে দেশের ৬৪টি জেলায় বাইসাইকেলে চড়ে ভ্রমণে বের হয়েছেন রুহিত দত্ত তীর্থ নামের এক তারুণ্যদীপ্ত তরুণ। গতকাল রবিবার ৩৩ দিনে ৪১তম জেলা বাগেরহাটে বেলা সাড়ে ১১টায় পৌঁছেন এই তরুণ। এদিন দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এসে তার কী উদ্দেশ্যে দেশের ৬৪টি জেলা ভ্রমণে বের হওয়া তা তুলে ধরেন রুহিত। মৌলভীবাজার শহরেই তার বাড়ি। তপন দত্ত ও রীনা দে’র ছেলে রুহিত। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। তার জেলা ভ্রমণের নানা অনুভূতি তুলে ধরেন এই প্রতিবেদকের কাছে।

রুহিত দত্ত তীর্থ বলেন, গত ৮ অক্টোবর ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশ্যে বের হই। সিলেট থেকে আমার যাত্রা শুরু হয়। আমি সাইকেলিং কমিটির একজন অ্যাক্টিভিস্ট। ২০২১ সালের শেষ দিকে বাইকেল চালানো শিখি। এরপর আমার স্বপ্ন দেশের ৬৪ জেলা বাইকেলে চড়ে ভ্রমণ করব। পরিবারের কাছে আমার এই ইচ্ছার কথা জানালে তারাও আমাকে উৎসাহ জোগায়। চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হই।

এখান থেকে ৪২তম জেলা পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করব। যে জেলাতেই যাচ্ছি সবাই আমাকে খুব সাপোর্ট করছে এতে আমার খুব ভালো লাগছে। বিভিন্ন জেলার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারছি। প্রশাসন আমাকে সহযোগিতা করছে। ২৩তম জেলা ঝিনাইদহ থেকে মাদারীপুর যাওয়ার পথে ছোট্ট একটি দুর্ঘটনার শিকার হই। হাতে ও পায়ে একটু ব্যথা পাই। আমার সেøাগান হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত রাখা ও বন্যপ্রাণীকে রক্ষা করতে সবাইকে সচেতন করা। বাগেরহাট শহরের বাসিন্দা সমাজকর্মী ফররুখ হাসান জুয়েল বলেন, রুহিতের ঘুরে দেখার যে চোখ তা যেন আগামীর বাংলাদেশ দেখার চোখ হয় সেই প্রত্যাশা করছি।