বগুড়ার গাবতলী উপজেলায় মহিষাবান ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামে রাস্তার নির্মাণকাজকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি-ধমকি ও মারধরের চেষ্টা করার অভিযোগ উঠেছে। গত শনিবার এ ঘটনায় এ বিষয়ে ইউপি সদস্য আঙ্গুর বানু বাদী হয়ে গাবতলী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্তরা বিষয়টি সত্য নয়; বরং নিম্নমানের কাজ হচ্ছিল বলে দাবি করেছেন। গতকাল রবিবার বিকেলে গাবতলী থানার এসআই রিপন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী আঙ্গুর বানু মহিষাবান ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ও কর্ণিপাড়া গ্রামের সহিদুল ইসলাম লিটনের স্ত্রী। অভিযুক্তরা হলেন গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কর্ণিপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন (৩২), একই এলাকার এলাকার সিদ্দিক (৩০) ও দিলু (৩৫)।
গাবতলী থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ইউনিয়ন পরিষদের সরকারি প্রকল্পের ২ লাখ টাকা বাজেটে ৭৬ মিটার ইটের সোলিং কাজ পান আঙ্গুর বানু।
আঙ্গুর বানু বলেন, ‘রাস্তার কাজে ব্যবহৃত ইটকে নকল ইট দাবি করে তারা আমার স্বামীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় আমার স্বামীকে মারধর পর্যন্ত করেন।’
মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. উজ্জ্বল বলেন, ‘রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।’ অভিযুক্ত সিদ্দিক বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
গাবতলী থানার এসআই রিপন বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।