খুলনায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার মহানগরীর বয়রা বাজারের কাছে শেরের মোড়ে এ ঘটনা ঘটে। সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার মো. আতিয়ার মোল্লার মেয়ে।
পুলিশ ও পথচারীরা জানান, গতকাল সকালে যশোরের অভয়নগর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসার জন্য আসেন ওই তরুণী। চিকিৎসা গ্রহণ শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি বয়রা বাজারের কাছে শেরের মোড়ে পৌঁছালে পরিবহনটির মোটরে তরুণীর গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। একপর্যায়ে ইজিবাইক থেকে ওই তরুণী নিচে পড়ে গিয়ে গলায় আঘাত পান। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।