মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ সদরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আরিফ মির স্থানীয় বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেনের অনুসারী বলে জানা গেছে। আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর ও খাইরুদ্দিন গ্রুপের সঙ্গে নিহত আরিফ মিরের গ্রুপের বিরোধ চলছিল।

এদিন ভোরে আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে বাড়ির সামনে বের হলে শাহ কামালের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে গুলি চালায়। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন বলেন, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। এর মধ্যে আরিফকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।