গোপন বৈঠক করে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনার মামলায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইউপি সদস্যসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে জেলার সিরাজদীখান উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল খান (৬০), কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আলী হোসেন (৬৫) ও খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুবলীগের সক্রিয় কর্মী মো. মহসিন মিয়া (৪২)।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতভর পৃথক অভিযান চালায়। এসময় শেখরনগর গ্রামের বাড়ি থেকে হেলাল খান, কোলা গ্রাম থেকে মো. আলীকে ও খাসমহল বালুচর গ্রামের বাড়ি থেকে মহসিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি আরও জানান, চলতি বছরের ১৪ আগস্ট বিকেলে ইছাপুরা বাজারের পাশে ইছাপুরা ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আব্দুল লতিফ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া অংশের উঠানে ছাত্রলীগ নেতাকর্মীরা গোপনে বৈঠক করেন। সেখানে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করা হয়।
এ ঘটনায় পরদিন ১৫ আগস্ট সিরাজদীখান থানার এসআই মো. হাফিজুর রহমান বাদী হয়ে মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।