পাটগ্রাম সীমান্তে বিএসএফের ছররা গুলি, আহত ৩ বাংলাদেশি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) তিন থেকে চারটি ছররা গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এতে তিনজন বাংলাদেশি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। তারা গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, এ ঘটনার পরপরই সীমান্তে টহল জোরদার করা হয় এবং প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে বিএসএফ জানায়, তারা পরবর্তীতে বৈঠকের সময় জানাবে।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ গুলির শব্দে সীমান্ত এলাকা কেঁপে ওঠে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রীরামপুর ইউনিয়নের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নামাজ পড়ে ফেরার পথে দেখি মোটরসাইকেলে করে গুলিবিদ্ধ কয়েকজনকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের শ্রীরামপুর ইউনিয়নের বিপরীতে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পকেটপাড়া গ্রাম। প্রধান সীমান্ত পিলার ৮৫৪ নম্বরের উপপিলার ৩–এর শূন্য রেখার কাছে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহল দল সকাল ৬টার দিকে ওই গুলি চালায়।

বিজিবি রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা–২) শমসের নগর কোম্পানির কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, গুলি ছোড়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে সীমান্তে যাই। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা জানিয়েছে পরে সময় জানাবে।

এর আগে গত ৫ নভেম্বর ভোরে একই ইউনিয়নের সীমান্তে বিএসএফ তিনটি সাউন্ড গ্রেনেড ছুড়ে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও গুলি চালানোর ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।