গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। তিনি তার নিজস্ব চালিত ইলেকট্রিক হুইলচেয়ারে করে প্রতিদিনের মতো বাজারের যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের শ্রীপুর সরকারি কলেজসংলগ্ন বাগমাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারানো ব্যক্তির নাম আফসার উদ্দীন (৬০)। নিহত আফসার উদ্দীন গোসিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পটকা পশ্চিমপাড়া গ্রামের জয়েদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রীপুর চৌরাস্তা থেকে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে কাপাসিয়ার দিকে যাচ্ছিল। এ সময় গোসিংগার দিক থেকে আসা আফসার উদ্দীনের ইলেকট্রিক হুইলচেয়ারটি আচমকা রাস্তায় উল্টে পড়ে। এ সময় একটি কাভার্ড ভ্যান দ্রুত ছুটে এলে রাস্তায় পড়ে থাকা শারীরিক প্রতিবন্ধী আফসার উদ্দীন তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে নেন।
শ্রীপুর মডেল থানার ওসি আবদুল বারিক বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’