দ্বিতীয় দিনে মাত্র ১৪ বলেই শেষ আয়ারল্যান্ডের প্রথম ইনিংস

আগের দিনই আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশি ফিল্ডাররা ক্যাচ মিসের মহড়া দেওয়ায় সেটা সম্ভব হয়নি। আজ বুধবার সিলেট টেস্টের দ্বিতীয় দিন সকালে মাত্র ১৪ বল স্থায়ী হলো আয়ারল্যান্ডের ইনিংস। ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দিন শুরু করা আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ২৮৬ রানে।

আইরিশদের শেষ দুটি উইকেট তুলে নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম এবং পেসার হাসান মাহমুদ। শেষ ব্যাটসম্যান হিসেবে ৩১ রানে আউট হয়েছেন ম্যাকার্থি। বাংলাদেশের হয়ে দুটি করে শিকার ধরেছেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম এবং হাসান মুরাদ। আর ২৩ ওভারে মাত্র ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আয়ারল্যান্ডের ইনিংসে আছে দুটি ফিফটি। এর একটি ওপেনার পল স্টার্লিং (৬০) এবং অন্যটি করেছেন তিনে নামা কেড কারমাইকেল (৫৯)। দুজনই ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন। প্রথম ছয় ওভারেই ৪টি ক্যাচ ফেলেন বাংলাদেশের ফিল্ডাররা। এছাড়া কার্টিস ক্যাম্ফার ৪৪ এবং লরকান টাকার ৪১ রানের দুটি ইনিংস খেলেছেন। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে।