শিবালয়ে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৯

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি পাম্পে রাখা গাড়িতে আগুনের ঘটনা ও বিভিন্ন মামলায় উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার (৪০), শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম লাভলু (৪৮), উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত লিটন খান (৫২), মিজান খন্দকার (৪৮), নিজাম উদ্দিন (৪৯), আশরাফ হোসেন আখের (৫৫), রিফাত হোসেন (২২), আব্দুল কাদের (৫৪) ও বিএম আকরাম হোসেন মজনু (৪২)।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মানবেন্দ্র জানান, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি পাম্পের পাশে রাখা একটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত বাস মালিক সিয়াম ইদ্রিস বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ প্রাথমিকভাবে ৫ জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মহিলা ভাইস চেয়ারম্যানসহ আরও ৪ জনকে একই মামলায় গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, বিভিন্ন মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।