চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০০ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। ব্যাগেজ রুলের আওতায় বুধবার (১২ নভেম্বর) সকালে সৌদি আরবের জেদ্দা থেকে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল জানান, নতুন ব্যাগেজ বিধিমালা (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) অনুসারে, বিদেশ ফেরত একজন যাত্রী কোনো শুল্ক ছাড়াই বছরে একবার সর্বোচ্চ ১০০ গ্রাম স্বর্ণ অলংকার আনতে পারবেন। কিন্তু ওই পাঁচ যাত্রী ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ এনেছেন। নিয়মানুযায়ী প্রত্যেক যাত্রী ১০০ গ্রামের বেশি যেসব স্বর্ণ এনেছেন, তা জব্দ করা হয়েছে।
জেদ্দাফেরত জেসমিন আক্তারের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ প্রদান করা হয় এবং বাকি ১০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। একইভাবে মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কাজী মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তারের কাছ থেকে এক হাজার গ্রাম সোনা পাওয়া যায়।
তাদের প্রত্যেককে ১০০ গ্রাম স্বর্ণ ফেরত দিয়ে বাকি ৬০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। ব্যাগেজ রুলের অতিরিক্ত সোনা আনায় যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।